ভারতের জন্য ট্রেন তৈরি করবে জেনারেল ইলেক্ট্রিক

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৯:১৭
 
ভারতীয় রেলওয়ের জন্য ডিজেল-চালিত ট্রেন বানাবে মার্কিন কোম্পানি জেনারেল ইলেক্ট্রিক। ১৭ হাজার কোটি রুপি চুক্তির আওতায় মার্কিন কোম্পানিটি আগামী ১১ বছর এক হাজার ডিজেলচালিত ট্রেন ভারকে দিবে।
 
অপরদিকে বিদ্যুৎ-চালিত ট্রেন বানাবে ফরাসি কোম্পানি ‘অ্যালস্টম’। চুক্তি মোতাবেক, ভারতীয় রেলের জন্য ৮০০টি বিদ্যুৎ-চালিত ট্রেন বানিয়ে দেবে ফরাসি সংস্থাটি। ওই ট্রেনগুলি বানানোর জন্য বিহারে একটি কারখানা স্থাপন করবে অ্যালস্টম।
 
মার্কিন সংস্থা ‘জেনারেল ইলেকট্রিক’ বানিয়ে দেবে এক হাজার ডিজেলে চলা ট্রেন। ওই ট্রেন বানানো আর তার রক্ষণাবেক্ষণের জন্য ভারতে প্রায় দেড় হাজার কোটি রুপি বিনিয়োগ করবে তারা। ট্রেনগুলি বানিয়ে দেওয়ার জন্য ‘জেনারেল ইলেকট্রিক-এর সঙ্গে ১৭ হাজার কোটি রুপির চুক্তি হয়েছে ভারতীয় রেলের।
 
ভারতীয় রেলের মুখপাত্র অনিল সাক্সেনা মঙ্গলবার এই খবর দিয়ে জানিয়েছেন, 'কেন্দ্রে নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর রেলের বেশ কয়েকটি ক্ষেত্রে একশ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতেই এই চুক্তি হয়েছে। এই প্রথম ট্রেন বানানোর জন্য ভারতীয় রেলের দায়িত্ব পেল কোন বিদেশি সংস্থা।'
 
মোদী সরকার ক্ষমতাসীন হওয়ার পর দৈর্ঘ্যের দিক দিয়ে বিশ্বে চতুর্থ বৃহত্তম ভারতীয় রেলের আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। নতুন এই চুক্তি অনুযায়ী ৩৭ হাজার কোটি রুপি খরচ হবে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষের। সূত্র: বিবিসি, আনন্দবাজার