চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শেনইয়াং শহরে বায়ু দূষণ চরমে পৌঁছেছে। দিনের বেশিরভাগ সময়ই শহরটি কালো ধোঁয়ায় ঢেকে থাকে। দূষণ নিয়ে ইন্টারনেট ও স্থানীয় গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। দেশটির পরিবেশবাদীরা বলছে শহরটির দূষণের মাত্রা পুরো দেশের মধ্যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে।
গত শনিবার শহরটির বাতাস পরীক্ষা করে দেখা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত দূষণের গ্রহণযোগ্য মাত্রার চেয়ে সেখানকার বাতাস ৫০ গুণ বেশি দূষিত। এর জন্য দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় সরকারকে দায়ী করেছে। চীনের উত্তর পূর্বাঞ্চলে দূষণ প্রায় স্থায়ী সমস্যা হয়ে দেখা দিয়েছে। অঞ্চলটিতে কয়লা খনি ও ভারী শিল্প কারখানা রয়েছে।
IMG0
চীনের রাষ্ট্রীয় পিপল'স ডেইলির প্রতিবেদনে জানানো হয়েছে, ওই এলাকার বাতাসে প্রতি ঘন মিটার বাতাসে এক হাজার ৪০০ মিলিগ্রাম দূষণ সৃষ্টিকারী পদার্থ রয়েছে যা শ্বাস প্রশ্বাসের সঙ্গে মানুষের ফুসফুসে ঢুকে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে প্রতি ঘন মিটার বাতাসে ২৪ ঘণ্টায় এধরনের ২৫ মিলিগ্রাম পদার্থ গ্রহণযোগ্য। তীব্র শীত মোকাবেলা করতে শহরটির তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার পর দূষণের মাত্রা আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। সূত্র: বিবিসি
