এক সন্তান নীতি ত্যাগ

চীনে বছরে ৩০ লাখ বেশি শিশু জন্মাবে

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২২:২৮
 
এক সন্তান নীতি থেকে সরে আসার ফলে চীনে প্রতি বছর ৩০ লাখ শিশু বেশি জন্ম নিবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলে দীর্ঘদিন থেকে এক সন্তান নীতি অনুসরণ করার পর এই নীতি বদল করেছে দশটি।  একটির বেশি সন্তান নিলে শাস্তির মুখে পড়তে হত চীনা দম্পতিদের।
 
কয়েক দশক ধরে এক সন্তান নীতি কঠোরভাবে বলবত থাকায় চীনে তরুণদের তুলনায় বয়স্কদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় দেশটিতে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 
চীনের ন্যাশনাল হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং কমিশনের ভাইস-মিনিস্টার ওয়্যাং পেইয়ান বলেন, গত মাসে কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ বৈঠকের পর এক সন্তান নীতি বাতিলের ঘোষণা দেয়ায় ৯ কোটি চীনা নারী দ্বিতীয় সন্তান নেয়ার সুযোগ পাবে। তবে এসব নারীর অধিকাংশের বয়স ৪০ থেকে ৪৯ বছর হওয়ায় তাদের সন্তান ধারণের ক্ষমতা বা আকাঙ্ক্ষা কম।
 
তিনি বলেন, কেউ কেউ সন্তান নিতে ‘অনিচ্ছুক’ হবেন- আবার অনেকে নিতে চাইলেও সন্তান জন্ম দিতে পারবেন না। এ নীতি পরিবর্তনের আগেও কিছু কিছু ক্ষেত্রে ছাড়ের কারণে ৯ কোটি নারী দ্বিতীয় সন্তান নেয়ার সুযোগ পেয়েছিলেন।
 
দুই সন্তান নীতি ঘোষণার পরে চীনে বিপুল সংখ্যায় শিশু জন্ম নেবে বলে জল্পনা-কল্পনা শুরু হলেও বিশ্লেষকরা বলছেন, বিশেষ করে সন্তান জন্মদানের খরচ এবং নীতি পরিবর্তনের প্রভাব নিয়ে পরিষ্কার ধারণা না থাকায় অনেক চীনা দম্পতি অধিক সন্তান চান না।
 
চীনে ২০১৪ সালে এক কোটি ৭০ লাখ শিশুর জন্ম হয়েছে। নীতি পরিবর্তনের ফলে আগামী পাঁচ বছর ধরে প্রতি বছর আরো ৩০ লাখ অতিরিক্ত শিশুর জন্ম হবে। এর ফলে ২০৫০ সাল নাগাদ দেশের শ্রমশক্তিতে প্রায় তিন কোটি লোক যুক্ত হবে। নীতি পরিবর্তন স্বল্প মেয়াদে আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, গৃহস্থালি ও নিত্যপ্রয়োজনীয় ভোগ বাড়াবে, যা সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াবে। সূত্র: এএফপি