জলবায়ু চুক্তিতে পৌঁছতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: ফ্রান্স

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২২:১১
 
প্যারিসে পরিবেশ ও জ্বালানী মন্ত্রীদের তিন দিনের বৈঠকে (প্রি-কপ) গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বৈঠকের আয়োজক দেশ ফ্রান্স। জলবায়ু নিয়ে জাতিসংঘ সম্মেলনের প্রাক্কালে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশমন্ত্রীরা গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৈঠক করেছেন।
 
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস যিনি আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর প্যারিস সম্মেলনে সভাপতিত্ব করবেন সাংবাদিকদের বলেছেন, মন্ত্রী পর্যায়ের এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈঠকে অন্তত পাঁচটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান। তবে সামনে আরো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
 
একশটির বেশি দেশের সরকার প্রধান প্যারিসে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিভিন্ন দেশের সরকারপ্রধান প্যারিস সম্মেলনে অংশ নিবেন। বৈশ্বিক উষ্ণায়ন রোধ করতে একটি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করা হবে সেখানে। সূত্র: এএফপি