বিশ্বকাপ বাছাইপর্বেও ফিরতি লেগের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের বাংলাদেশ সফর নিশ্চিত বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিফা কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় ফিফা সন্তুষ্ট বলেও উল্লেখ করেন কাজী সালাউদ্দিন। তিনি বলেন,‘ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ তারিখে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ হবে বাংলাদেশে। অস্ট্রেলিয়া এর আগে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা বলেছিলো। আমরা আমাদের ভেন্যুতে খেলার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। তবে ফিফা যে ভেন্যুতে খেলার সিদ্ধান্ত দেবে সেখানেই খেলা হবে। বিশ্বকাপের এ রকম বাছাইপর্বের ম্যাচ এর আগেও বাংলাদেশে অনেক হয়েছে। তখনও নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি। এখনও কোনো সমস্যা হবে না।’
এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছিল অস্ট্রেলিয় ক্রিকেট দল। তাদের এমন সিদ্ধান্ত হতাশ করেছিল দেশের ১৬ কোটি ক্রিকেট অনুরাগীকে। অসিদের দেখানো পথ অনুসরন করে দুই দুইবার পূর্ব নির্ধারিত সিরিজ স্থগিত করে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলও।
ক্রিকেট দলের ভিত্তিহীন শংকার কারণে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ঢাকা সফর নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। অস্ট্রেলিয় ফুটবল ফেডারেশনের তৎপরতা এ আশঙ্কােক আরো বাড়িয়ে দেয়। তারা বাংলাদেশের ভেন্যু বাতিল করার আবেদন করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবলের অভিবাবক এএফসির কাছে । কিন্তু তাতে কোন সাড়া পায়নি অস্ট্রেলিয়ানরা। ফিফা স্পষ্ট করেই বলে দিয়েছিল ঢাকায় ম্যাচ খেলতে। ফিফার এমন নির্দেশনায় অবশেষে অস্ট্রেলিয়া নিরাপত্তাবাহিনী ঢাকায় আসে ভেন্যু ও সরকারের উচ্চপর্যায়ে বৈঠক করতে। উভয় পক্ষের দফায় দফায় বৈঠক শেষে অস্ট্রেলিয়া প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করেছে এবং ঢাকায় আসতে রাজী হয়েছে বলে জানান বাফুফে সভাপতি।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় গিয়ে সে দেশের জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বেও ১ম ম্যাচ খেলে আসে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। ওই খেলায় অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে হার মানে মামুনুলরা। আগামী ১৭ নভেম্বর ঢাকায় ফিরতি লিগের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
