কর্মঘণ্টা কমানো ও ক্ষুদ্র অস্ত্র সরবরাহের দাবি জানিয়েছেন মাঠ পর্যায়ে দায়িত্বপালনকারী পুলিশ সদস্যরা। সোমবার বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মহাপুলিশ পরিদর্শকের (আইজিপি) সঙ্গে মতবিনিময় কালে তারা এ দাবি জানান। রুয়ান্ডায় অনুষ্ঠিত ইন্টারপোলের ৮৪তম বার্ষিক সাধারণ সম্মেলন শেষে সে দিন ভোরে দেশে ফেরেন আইজিপি একেএম শহীদুল হক। বিকাল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তিনি পুলিশ লাইন্সের মাঠে খোলা আকাশের নিচে সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।
পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পুলিশ সদস্যদের মধ্যে আত্মশুদ্ধি, মনোবল তৈরি ও মোটিভেশন বাড়ানোর লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি, ডিএমপি, নৌ-পুলিশসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন রেঞ্জ রিজার্ভ পুলিশ- আরআরএফ’র একজন কনস্টেবল, ডিএমপির মতিঝিল বিভাগের একজন এএসআই, মহানগর গোয়েন্দা পুলিশের একজন এসআই ও একজন পুলিশ সার্জেন্ট।
বৈঠক সূত্র জানায়, মতবিনিময় সভায় পুলিশের মাঠ পর্যায়ের এ সদস্যদের প্রথম দাবি ছিল কর্মঘণ্টা কমানো। তারা বলেন, প্রতিদিন তারা ডিউটি করেন ১২ থেকে ১৪ ঘণ্টা। বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় তারা প্রতিনিয়ত একটা মানসিক চাপের মধ্যে থাকেন। পাশাপাশি তারা মাঠ পর্যায়ে দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের জন্য ছোট আধুনিক অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণের দাবি জানান।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, খুব শিগগির ঢাকা মেট্রোপলিটন পুলিশে ৪ হাজার সদস্য বাড়ানো হচ্ছে। তাদের যোগদানের পরপরই কর্মঘণ্টা কমে আসবে বলে তিনি মনে করেন।
আইজিপি একেএম শহীদুল হকও পুলিশের এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, জননিরাপত্তার পাশাপাশি পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে। দায়িত্বপালনের শুরুতে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পড়ে নিতে হবে। এছাড়া অস্ত্রের গুলি রয়েছে কি না নিশ্চিত করতে হবে ।
আইজিপি দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ প্রদান করে বলেন, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় অনেককে মোবাইল ফোনে আলাপে ব্যস্ত থাকতে দেখা যায়, আবার অনেকে ব্যস্ত সময় পার করেন ইন্টারনেটে। এটা করা যাবে না। তবে চেকপোস্টের ইউনিট ইনচার্জ একটি মাত্র মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে ওই মোবাইল থেকে বাকিরা যোগাযোগ করতে পারবেন। মতবিনিময় সভায় আইজিপি সিনিয়র পুলিশ কর্মকর্তাদের তদারকি আরো বাড়ানোর নির্দেশ দেন।
মতবিনিময় সভায় কনস্টেবল শাহিদুর ইসলামকে তিন লাখ টাকা অর্থ পুরস্কার দেন আইজিপি। গত ২২ অক্টোবর গাবতলীতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাতের পর এই কনস্টেবল ঝুঁকি নিয়ে এক দুর্বৃত্তকে ধরেছিলেন।
