‘চলচ্চিত্র অবশ্যই আমার প্রথম আকাঙ্ক্ষার জায়গা’

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ০১:৪৫

অরুণা বিশ্বাসকে চেনেন অবশ্যই বড়পর্দাতেই সকলে। তবে গত কয়েক বছর ধরে নিজের কাজের বিস্তৃতি ছড়িয়েছেন নানামুখে। সেই ধারায় সাফল্যও গুনেছেন। ছোটপর্দায় এখন ৪টি সিরিয়ালে দিন-রাতের ব্যস্ততা তার। জীবনের অলিগলি, দহন, পরম্পরা এমন সব নামের সিরিয়ালগুলোর সংলাপ আওড়াতেই দিন-রাত পার করছেন। কানাডায় সন্তানসহ পরিবারের আয়েশী বাস থাকা স্বত্বেও স্রেফ অভিনয়ের টানেই ছুটে আসেন দেশে। নয়তো সিরিয়ালের কাজ বা অন্যান্য যা কিছুই করছেন নিজের প্রেম থেকে, আসক্তি থেকে। এর ভেতরে একটি চলচ্চিত্রের কাজও শুরু করেছেন। কাজ করছেন বিটিভির একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে।

 

অনুষ্ঠানটি প্রথমে মাসিক হওয়ার কথা থাকলেও অরুণা বিশ্বাসের চৌকস সঞ্চালনায় প্রযোজক তা পাক্ষিক করার ঘোষণা দেন। নিজের মেধার মূল্যায়নেই ক্যারিয়ারের সব ক’টি ডিঙি বাওয়া। এরপরও এই গুণী অভিনেত্রীকে যখন খুব সাধারণ একটি প্রশ্ন জানতে চাওয়া হয়—আপনি কোন মাধ্যমে সবচেয়ে স্বাচ্ছন্দ? উত্তরটাও স্বাভাবিক হিসেবেই বলেন, ‘চলচ্চিত্র অবশ্যই আমার প্রথম আকাঙ্ক্ষার জায়গা।’ মেধাবী এই অভিনেত্রীকে দিয়ে ‘ইংলিশ বিংলিশ’ বা যেকোনো ধরনের মজবুত গল্পের সিনেমা তৈরি করা খবুই সম্ভব। প্রয়োজন শুধু প্রযোজক-পরিচালকের একটি দারুণ উদ্যোগ।