‘শ্রীদেবীর কাছে টাকা পাই’

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১২:১০
 
দীর্ঘ বিরতির পর তামিল ছবি ‘পুলি’তে অভিনয় করেছেন শ্রীদেবী। কিন্তু এখানে অভিনয় তার জন্য খুব একটা সুখকর হয়নি। এর আগে শ্রীদেবী দাবি করেছিলেন, তিনি নির্মাতাদের কাছ থেকে টাকা পান। কিন্তু, এবার নির্মাতারাই দাবি করছেন, তারাই শ্রীদেবীর কাছে টাকা পান।
 
সম্প্রতি শ্রীদেবী মুম্বাই প্রোডিউসাস কাউন্সিল কাছে অভিযোগ করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ‘পুলি’র নির্মাতাদের কাছ থেকে ৫০ লাখ রুপি পান তিনি।
 
এরপরই চারপৃষ্টার একটি বিবৃতি প্রকাশ করেন নির্মাতা থামেনস ও পিটিসেলভাকুমার বলেছেন, শ্রীদেবীকে পারিশ্রমিক হিসেবে ২ কোটি ৭০ লাখ রুপি দেয়ার চুক্তি হয়। এছাড়া আয়কর হিসেবে বাড়তি ৩০ লাখ রুপি দিতে রাজি হন তারা।
 
বিবৃতিতে বলা হয়, শুটিংয়ের শুরুতে আমাদের যা চুক্তি হয়, সেই অনুযায়ী আমরা তাকে পারিশ্রমিক দিতে থাকি। কিন্তু শুটিংয়ের শেষের দিকে এসে শ্রীদেবীর স্বামী বনি কাপুর আমাদের কাছে বাড়তি পারিশ্রমিক চান। কারণ সিনেমাটি আমরা আরো কয়েকটি ভাষায় মুক্তি দিচ্ছি।
 
বিবৃতিতে বলা হয়, বনি কাপুর ছবির পরিচালকদের বলেছেন শ্রীদেবীকে অতিরিক্ত টাকা দিলেই কেবল তিনি শুটিংয়ে আসবেন। অনেক দর কষাকষির পর আমরা সিদ্ধান্ত নিই শ্রীদেবীকে সিনেমাটির হিন্দি সংস্করণের স্যাটেলাইট সত্ত্বের ২০ শতাংশ দেয়া হবে, যা হল ৫৫ লাখ রুপি। এছাড়া আরো ১৫ লাখ দেয়া হবে তেলেগু সংস্করণের জন্য।
 
নির্মাতাদের দাবি, শ্রীদেবীর কথায় তারা মনিশ মালহোত্রাকে পোশাক ডিজাইনার হিসেবে নিয়োগ করেন। মনিশকে পারিশ্রমিক হিসেবে ৫০ লাখ রুপি দিতে হয়েছে তাদের। এছাড়া ‘পুলি’র হিন্দি সংস্করণের প্রচারের জন্য মার্কেটিং ডিজাইনারকে বাড়তি ৮ লাখ রুপি দেয়া হয় শ্রীদেবীর কথাতেই।
 
নির্মাতারা আরো বলেন, শ্রীদেবীর কথায় কোটি কোটি রুপি খরচ করেছেন তারা। কিন্তু এরপরও সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেননি এই অভিনেত্রী।
‘আমরা শ্রীদেবির কাছে টাকা পাই’ - এই বাক্যটি দিয়ে বিবৃতি শেষ হয়।
 
তামিল সিনেমা ‘পুলি’ পরিচালনা করেছেন চিম্বু দেভান। সিনেমাটি নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকলেও বক্স-অফিসে তা সফল হয়নি।