মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি আজ

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৪:০৮

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে দেয়া রুল শুনানির জন্য বুধবারের কার্যতালিকায় রাখা হয়েছে।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

ফখরুলের আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী সাংবাদিকদের জানান, গত ৫ নভেম্বর এক আদেশে মির্জা ফখরুলের জামিন প্রশ্নে দেয়া রুলের শুনানির জন্য ৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। ৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন পেশ করলে শুনানি পিছিয়ে ১১ নভেম্বর দিন ধার্য করে আদেশ দিয়েছিল আদালত।

গত ২ নভেম্বর এক আদেশে তিন মামলায় ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় আপিল বিভাগ। একই সঙ্গে ফখরুলের জামিন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। ৩ নভেম্বর ফখরুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারিক আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।