অনুপ চেটিয়াকে হস্তান্তরের ব্যাপারে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১২:৪৮
 
উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে- ভারতের সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তার কাছে  এ বিষয়ে কোনো তথ্য নেই। বুধবার মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
 
এর আগে ভারতের গণমাধ্যম পিটিআইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ।
 
উলফা নেতাকে কখন হস্তান্তর করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমার কাছে কোনো তথ্য নাই। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে আসা খবরের বিষয়েও তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরের এক বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার তিন মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত।
 
২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি অনুপ চেটিয়ার সাজার মেয়াদ শেষ হয়। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। বিডিনিউজ।