গৃহবধূকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৬:৫৩
 
বাগেরহাটের শরণখোলায় ফরিদা বেগম নামের এক গৃহবধূকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মুত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেন।
 
দণ্ডপ্রাপ্ত রুহুল হাওলাদার (৪১) বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 
 
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০১২ সালের ২৮ মে দুপুরে শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের রুস্তুম আলীর স্ত্রী ফরিদা বেগমকে (৫০) জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রুহুল আমিন হাওলাদার কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। পরে এলাকাবাসী রহুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দয়ের করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শরণখোলা থানার তত্কালীন এসআই রেফাতুল ইসলাম ঐ বছরের ৮ আগস্ট রুহুল হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।