কোনভাবেই নিজেদের সুদিন ফিরে পাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। একের পর এক হারের পরে এবার যোগ হয়েছে বড় অঙ্কের জরিমানা।
মাঠে খেলোয়াড়দের অসদাচরনের খেসারত হিসেবে চেলসিকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। গত মাসে উপটন পার্কে স্বাগতিক ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে উভয় দলের খেলোয়াড়রা একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। একই অপরাধে ওয়েস্ট হ্যামকেও ৪০ হাজার পাউন্ড জরিমানা করেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)।
ম্যাচের ৪৪ মিনিটে ওয়েস্ট হ্যামের সেনেগালিস স্ট্রাইকার ডিয়াফ্রা সাকোকে ফাউল করে বসেন নেমানজা মাটিচ। ফাউলের কারনে চেলসি মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারী জন মস। এই ঘটনায় উভয় ক্লাবের খেলোয়াড়রা একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়লে বেশ কিছুক্ষন খেলা বন্ধ ছিল। এফএ-র এক বিবৃতিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে ভবিষ্যতের জন্য ক্লাব দুটিকে শক্তভাবে সতর্ক করে দেয়া হয়েছে। বাসস।
