ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের ‘গুপ্তহত্যার’ জন্য আবারও ইসরাইলকে দায়ী করেছে ফিলিস্তিনি তদন্ত দলের প্রধান তৌফিক তিরাবি। আরাফাতের মৃত্যুর ১১তম বার্ষিকীর মাত্র এক দিন আগে স্থানীয় সময় মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। খবর এএফপি ও সিনহুয়ার।
২০০৪ সালের ১১ নভেম্বর প্যারিসের সামরিক হাসপাতালে ৭৫ বছর বয়সে মারা যান ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত। পাকস্থলীর প্রদাহে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য পশ্চিমতীরের রামাল্লা থেকে তাকে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু ফিলিস্তিনিরা একে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখতে নারাজ। তারা তাদের প্রিয় নেতার মৃত্যুর জন্য শুরু থেকেই ইসরাইলকে দোষারোপ করে আসছে। এ প্রেক্ষিতে ২০০৯ সালে একটি তদন্তদল গঠন করে ফিলিস্তিন। ২০১২ সালে আরাফাতের স্ত্রী সুহার করা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছিল একটি ফরাসি আদালত। আদালত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন ছাড়াই দুই মাস আগে তদন্ত বন্ধ করে দিয়েছে। ফরাসি কর্তৃপক্ষ ওই তদন্ত বন্ধ করার দুই মাস পর মঙ্গলবার আবারো ইসরাইলের বিরুদ্ধে আঙ্গুল তুললেন ওই ফিলিস্তিনি তদন্ত দলের প্রধান তিরাবি।
তিনি বলেন, ‘তদন্ত কমিটি সাবেক ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের গুপ্তহত্যার কারণ খুঁজে পেয়েছে। এ জন্য ইসরাইলই দায়ী।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি। তিনি শুধু বলেন, ‘তার হত্যার প্রকৃত কারণ জানতে আমাদের আরো কিছু দিন সময় লাগবে।’ অধিকাংশ ফিলিস্তিনির বিশ্বাস তাদের প্রিয় নেতার স্বাভাবিক মৃত্যু হয়নি। ইসরাইল তাকে বিষ প্রয়োগে হত্যা করেছে। ফিলিস্তিনি তদন্ত দলের প্রধানও এখন সেই অভিযোগ করলেন। যদিও ইসরাইল কখনোই এ অভিযোগ স্বীকার করেনি।
