পাকিস্তান কর্তৃপক্ষ কয়েকশ 'ভূতুড়ে স্কুলে' অর্থায়ন বন্ধ করে দিয়ে ৪৫০ অনুপস্থিত শিক্ষককে চাকরিচ্যুত করেছে। এই স্কুলগুলোতে দীর্ঘদিন থেকে পাঠদান বন্ধ থাকলেও এর শিক্ষকরা বেতন-ভাতা পাচ্ছিলেন।
বেলুচিস্তানের শিক্ষা সচিব আব্দুল সবুর বলেন, ৬৫০ টি ভূতুড়ে স্কুল চিহ্নিত করে সেগুলোতে অর্থায়ন বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ৪৫০ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা কোন স্কুলে পড়াতেন না অথচ বেতন নিতেন।
তিনি বলেন, এগুলোর বেশিরভাগেরই অস্তিত্ব কাগজে কলমে রয়েছে। এছাড়া কিছু স্কুল আছে পরিত্যক্ত অবস্থায়। সেখানে না আছে শিক্ষক, না আছে শিক্ষার্থী।
প্রাদেশিক শিক্ষামন্ত্রী রাজা মোহাম্মদ ব্রাইচ এর সত্যতা নিশ্চিত করে বলেন, কর্তৃপক্ষ আরো কয়েকশ স্কুল ও শিক্ষককে চিহ্নিত করেছে যাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।
তিনি বলেন, ‘শিক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার তাই এসব স্কুল ও অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছি। এসব শিক্ষকদের বেশিরভাগই অতীতে রাজনৈতিক কারণে নিয়োগ পেয়েছিলেন।’ সূত্র: এএফপি
