দলীয় ৪৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়েছে জিম্বাবুয়ে। নাসির হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন ক্রেইগ আরভিন। ২৭৭ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ৯ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৫২/৩।
এর আগে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটিকে ফেরত পাঠান মুস্তাফিজুর রহমান। উদ্বোধনী ব্যাটসম্যান চামু চিবাবাকে বোল্ড আউট করেন তিনি। তার দ্বিতীয় শিকার হন রেজিস চাকাভা। ব্যক্তিগত ১৭ রানের নাসির হোসেনের হাতে ক্যাচ দেন তিনি।
বুধবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ বলে প্রমাণ করেন দুই ওপেনার। ইমরুল কায়েস ও তামিম ইকবালের ১৪৭ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। মিডল অর্ডারে ছন্দপতন না হলে স্কোরটা আরো বড় হতে পারত।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৪৭ রানে প্রথম উইকেটের পতন হয় স্বাগতিকদের। ব্যক্তিগত ৭৩ রানে সিকান্দার রাজার বলে চাকাভার গ্লাভসে ধরা পড়েন আগের দিনের সফল ব্যাটসম্যান ইমরুল কায়েস। পরে তামিম ইকবালও ব্যক্তিগত ৭৩ রানে আউট হন। এরপর অনেকটাই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। একে একে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান ও নাসির হোসেন। নাসির হোসেন আউট হলে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৬/৬।
এরপর মাহমুদউল্লাহ ও মাশরাফির ৩৭ রানের জুটিতে ভর করে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২৭৭/৮ রান।
প্রথম ম্যাচে ২৭৪ ও দ্বিতীয় ম্যাচে ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে হেরেছে সফরকারীরা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।
