বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ বলেছেন, ‘সরকারি দল সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আর নিরাপত্তাবাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের দমনে ব্যস্ত। এ কারণেই বর্তমানে দেশে কারো জীবনের নিরাপত্তা নেই।’
বুধবার জাতীয় প্রেসক্লাবে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ এ সভার আয়োজন করে।
হান্নান শাহ বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেফতার না করে প্রতিদিন কমবেশি এক হাজার জন বিরোধী দলের কর্মীদের গ্রেফতার করছে সরকার। আট-দশ জন বিএনপি কর্মী একসঙ্গে থাকলেই নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেফতার করা হয়।’
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘সরকারের সমালোচনা করলেই বলা হয় আমরা রাষ্ট্রবিরোধী কথা বলছি। সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কোনোদিন হয়তো এই সরকার পুরস্কৃতও হতে পারেন।’
