‘তারেক ঢাকার যানজট নিয়েও ভাবেন’

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৯:৫২
 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আগামী দিনে বাংলাদেশের জনগণ দায়িত্ব দিলে সেই দায়িত্ব কীভাবে পালন করবেন, তারেক রহমান সেই প্রস্তুতি নিচ্ছেন। এমনকি তিনি ঢাকার যানজট নিয়েও ভাবেন।’
 
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী যুবদলের এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
 

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এখনো অসুস্থ। এ অবস্থায় দেশকে নিয়ে ভাবছেন, দেশের জনগণকে নিয়ে ভাবছেন। তাঁর প্রিয় দল বিএনপিকে নিয়ে ভাবছেন। দেশের অর্থনীতি, উন্নয়ন, নারী ও শিশুর কল্যাণ, মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ভাবছেন। এমনকি ঢাকার যানজট নিয়েও ভাবছেন।’