পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ৪ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ এই তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের তারিখ ধার্য করেছিলেন। আজ রায় ঘোষণা করা হতে পারে।
এই মামলার তিন আসামি হলেন- নিহত মাহফুজুর-স্বপ্না রহমান দম্পতির মেয়ে ঐশী রহমান, তাঁর বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান। এঁদের মধ্যে ঐশী ও আসাদুজ্জামান কারাগারে আটক আছেন। মিজানুর রহমান জামিনে আছেন।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ২৪ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঐশী। পরে তিনি ওই জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেন।
