রাশিয়া তাদের অ্যাথলেটদের বিরুদ্ধে নিষিদ্ধ বলবর্ধক ওষুধ গ্রহণের অভিযোগের তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, অ্যাথলেটদের নিষিদ্ধ শক্তিবর্ধক ওষুধ ব্যবহার বন্ধে কাজ করে এমন আন্তর্জাতিক সব প্রতিষ্ঠানকে রাশিয়া সর্বোচ্চ সহযোগিতা দেবে।
বিষয়টি নিয়ে তোলপাড় শুরুর পর এই প্রথম এ নিয়ে কথা বললেন রুশ প্রেসিডেন্ট।
সংবাদদাতারা বলছেন, পুতিনের মন্তব্যে পরিস্কার বোঝা যাচ্ছে, বিষয়টি নিয়ে রাশিয়া ক্রমেই নিজের আগের অবস্থান থেকে সরে আসছে।
কারণ রাশিয়া বাহাত্তর ঘণ্টার মধ্যে উপযুক্ত কোনও জবাব দিতে না পারলে আগামী বছর রিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিক্সে অংশগ্রহণের ওপরে নিষেধাজ্ঞা আসতে পারে-এমন আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে রুশ খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যাপকভাবে ডোপিং এর অভিযোগ তোলায়, ব্রিটেনের এ্যান্টি- ডোপিং ব্যবস্থাকে ‘মূল্যহীন’ বলে মন্তব্য করেছিলেন রুশ ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো।
-বিবিসি
