সেনাবাহিনীতে নতুন দুটি সাঁজোয়া রেজিমেন্ট হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৮:১০
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রাণ দেব, মান নয়’ এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া কোরের প্রতিটি সদস্য দেশমাতৃকার প্রয়োজনে গঠনমূলক এবং বহির্বিশ্বে শান্তিরক্ষা কর্মকাণ্ডে অবদান রাখতে সদা প্রস্তুত। সাঁজোয়া কোরে এরই মধ্যে অত্যাধুনিক ট্যাংক এমবিটি-২০০০ সংযোজন করা হয়েছে। ভবিষ্যতে আরো দুটি সাঁজোয়া রেজিমেন্ট গঠনের পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে।
 
বৃহস্পতিবার সকালে বগুড়া মাঝিরা সেনানিবাসের শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে আর্মার্ড কোরের (সাঁজোয়া কোর) বাত্সরিক অধিনায়ক সম্মেলন, কোর পুনর্মিলনী ও ১২ ল্যান্সারকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের নিরাপত্তা ও তদারকির জন্য দুটি পদাতিক ব্যাটালিয়ন ও একটি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সমন্বয়ে একটি কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা করা হয়েছে। কক্সবাজারের রামুতে ১০ পদাতিক ডিভিশনের সদর দফতরের অধীনে একটি ব্রিগেড ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেও পর্যাপ্ত-সংখ্যক এপিসি, এআরভি, ব্যাটেল ট্যাংক-২০০০, আর্মার্ড রিকভারি ভেহিকল, হেলিকপ্টারসহ প্রয়োজনীয় সমরাস্ত্র কেনা হয়েছে। একইভাবে নৌবাহিনী ও বিমানবাহিনী আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’