টাঙ্গাইল ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার ভাই পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্তিকে গ্রেফতার ও হয়রানি না করার আদেশ বাতিল করে দিয়েছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার বিচারপতি নাজমুন আরা সুলতানা নেতৃাধীন ৩ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। তিনি সাংবাদিকদের বলেন, এর ফলে আমানুর ও শহীদুরকে গ্রেফতারে আইনগত বাধা নেই।
এর আগে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় রানা ও মুক্তিকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ আদালত এ আদেশ স্থাগিত করা হয়।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজ পাড়ার বাসার সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফারুকের স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাত পরিচয় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আসামি না করলেও পরে তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, 'টাঙ্গাইলের খান পরিবারের চার ভাই এ হত্যাকাণ্ডে জড়িত।' সংসদ সদস্য আমানুরের তিন ভাইয়ের মধ্যে সহিদুর রহমান খান মুক্তি টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহিদুর রহমান খান টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি ও সানিয়াত খান বাপ্পা ছাত্রলীগের নেতা। পুলিশের তদন্তে ফারুক হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
