তুরস্কে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নিহত ১০

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৫:০২
তুরস্কের দক্ষিণপূর্বে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত কুর্দি অধ্যুষিত এলাকায় বিচ্ছিন্ন কয়েকটি লড়াইয়ে এসব মানুষ নিহত হন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো। 
 
এক বিবৃতিতে দিয়ার-বাকির প্রদেশের গভর্নর জানিয়েছেন, সিলভার শহরে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ে পিকেকের পাঁচ সদস্য ও এক সেনা নিহত হয়েছেন। জুলাইয়ে দুপক্ষের সংঘাত ফের শুরু হওয়ার পর থেকে সিলভানবাসী পক্ষ দুটির মধ্যে চলা তীব্র লড়াই প্রত্যক্ষ করছে। 
 
দিয়ারবাকির শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরের এই শহরটিতে ২ নভেম্বর থেকে ২৪ ঘণ্টা সান্ধ্য আইন জারি করা হয়েছে। এতে ৮৫ হাজার বাসিন্দার শহরটি নিস্তব্ধ হয়ে পড়েছে। শুধু পুলিশ ও সেনাদের সাঁজোয়া যানগুলোই টাউনটির ফাঁকা রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে। 
 
IMG0
 
বিদ্রোহীরা ট্রেঞ্চ খুঁড়ে, সড়ক অবরোধ স্থাপন করে ও রাস্তাগুলোতে বোমা পুঁতে রেখেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। মারদিন প্রদেশের দারগেসিত টাউনে রাস্তা মাঝে পুঁতে রাখা একটি বোমার উপর পুলিশের গাড়ি উঠে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে একজন পরিচ্ছন্নতাকর্মী নিহত ও একজন পুলিশ কর্মকর্তা আহত হন। কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা বোমাটি পুঁতে রেখেছিল বলে ধারণা করা হয়। 
 
এছাড়া মঙ্গলবার রাতে সিরিয়া ও ইরাক সীমান্তের কাছে সিলোপি শহরে গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হন। সূত্রগুলো জানিয়েছে, কুর্দি বিদ্রোহীরা পুলিশের গাড়ি লক্ষ করে গুলিবর্ষণ করলে এ ঘটনা ঘটে। রয়টার্স।