তদবির সহ্য করা হবে না : ওবায়দুল কাদের

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৬:২৫
 
'তদবির সহ্য করা হবে না' এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'কোনো ধরনের রাজনৈতিক তদবির ও অনুরোধে সড়ক ও জনপথ বিভাগে পদোন্নতি কিংবা বদলীর ব্যবস্থা চলবে না। যোগ্যতার বিচারে বদলি করা হবে। সরকারের কোনো ব্যক্তি যদি প্রকৌশলী বদলি নিয়ে তদবির করেন তাহলে সেটা সহ্য করা হবে না।'
 
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওস্থ 'সড়ক ভবনে' সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
 
তিনি বলেন, রাজনৈতিক পরিচয় নয়, প্রকৌশলীদের যোগ্যতার মাপকাঠিতে পদোন্নতি ও বদলির ব্যবস্থা নেয়া হবে বলে।
যোগাযোগ আর দুর্নীতি এবং সড়ক আর দুর্নীতি একসময় সমার্থক ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'সেই কলঙ্ক আমরা মুছে দিতে পেরেছি। এখন এই মন্ত্রণালয়ে আর এ কথা নেই। এখন মানুষ আমাদের বিভাগগুলোকে প্রশংসা করে।'
 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এমএএন ছিদ্দিক এবং সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল অনুষ্ঠানে বক্তৃতা করেন। সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সমিতির সভাপতি আফতাব হোসেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) খন্দকার কিংশুক হোসেন, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী মো. ইমাম আল কুদরত-ই এলাহী, ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) সরোজ কুমার বড়ুয়া, সেক্রেটারি টু এমডি (হেড অব রিকভারি সেল) মো. মাকসুদুর রহমান, ইভেন্ট ম্যানেজার মো. সাইফুল ইসলাম রুবেল প্রমুখ। বাসস।