লিবিয়ায় সরকারি বাহিনী-আইএস লড়াইয়ে নিহত ১৬

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৭:৫৭
লিবিয়ার বেনগাজিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারের অনুগত বাহিনীগুলোর সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের তীব্র লড়াইয়ে অন্ততপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।  বুধবার দেশটির সামরিক বাহিনীর একজন কমান্ডার এই তথ্য জানিয়েছেন।
 
লিবিয়ার কর্তৃত্বের দাবিদার দুটি সমান্তরাল সরকার দেশটি শাসন করে যাচ্ছে। দেশটির পূর্বদিকে অবস্থান নেওয়া সরকার দেশটির বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।  অপরদিকে রাজধানী ত্রিপোলি দখল করে স্বঘোষিত অপর একটি সরকারও নিজেদের বৈধ বলে দাবি করছে। 
 
এক বছরেরও বেশি সময় ধরে এই দুটি পক্ষ ও অন্যান্য পক্ষগুলোর মধ্যে লড়াইয়ের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে বেনগাজি।  সেনাবাহিনীর মুখপাত্র মিলাদ জবেই বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মঙ্গলবার জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবীয় জাতীয় সেনাবাহিনীর (এলএনএ) সঙ্গে আইএসের মিত্র জঙ্গিদের লড়াই শুরু হয়। 
 
তিনি বলেন, আমাদের বিশেষ বাহিনীগুলো অগ্রসর হয়ে মাশহাশ ও সিদি ফরাজ জেলার মধ্যবর্তী বিমান প্রতিরক্ষা শিবিরটি পুনর্দখল করেছে। আইএস ২০১৪ সালে শিবিরটি দখল করে নিয়েছিল।
 
এক বছর আগে বেনাগাজিতে উগ্রপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন জেনারেল হাফতার। পরে তাকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সরকারের সেনাবাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তার নেতৃত্বাধীন অভিযান বেনগাজি থেকে জঙ্গিদের হটাতে ব্যর্থ হয়।  লড়াইয়ে উভয়পক্ষই সাফল্য দাবি করে আসছে। কিন্তু বিদেশি জঙ্গিরা যোগ দেওয়ায় আইএসের পক্ষে যোদ্ধার সংখ্যা বেড়েই চলছে। 
 
চার বছর আগে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফিকে পশ্চিমাদের সমর্থনে ক্ষমতা থেকে উচ্ছেদের পর থেকে লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো পরস্পর হানাহানিতে লিপ্ত রয়েছে। রয়টার্স।