২৫ বছরে মাতৃ মৃত্যু হার কমেছে ৫০ ভাগ : জাতিসংঘ

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৮:৩৬
 
সারা বিশ্বে গর্ভ সংক্রান্ত কারণে নারী মৃত্যু হার গত ২৫ বছরে প্রায় ৫০ ভাগ কমেছে বলে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজনন স্বাস্থ্য ও গবেষণা সমন্বয়ক ড. লেল সে। কিন্তু মাত্র নয়টি দেশ জাতিসংঘ নির্ধারিত নারী মৃত্যু হার হ্রাস সংক্রান্ত টার্গেট অর্জন করতে পেরেছে বলে জানান তিনি।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজনন স্বাস্থ্য ও গবেষণা সমন্বয়ক ড. লেল সে বলেন, এ প্রতিবেদন থেকে দেখা যাবে যে, ২০১৫ সালের শেষ নাগাদ মাতৃ মৃত্যু হার ১৯৯০ সালের পর্যায় থেকে ৪৪ শতাংশ কমে এসেছে। তিনি জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, 'এটি বিরাট অগ্রগতি। তবে বিশ্বজুড়ে, বিশ্বের বিভিন্ন স্থানে এই অগ্রগতি এক রকম নয়।' তিনি বলেন, বিশ্বজুড়ে মোট মাতৃ মৃত্যুর ৯৯ শতাংশই ঘটে উন্নয়নশীল দেশে।
 
একই সময়ে ব্রিটিশ চিকিৎসা জার্নাল ল্যান্সেটে প্রকাশিত এ রিপোর্টে বলা হয়, '২০১৫ সালে গর্ভ সংক্রান্ত ও সন্তান জন্মদানের ৬ সপ্তাহের মধ্যে সৃষ্ট জটিলতার কারণে সারা বিশ্বে তিন লাখ তিন হাজার নারীর মৃত্যু হয়েছে, যা ১৯৯০ সালের ৫ লাখ ৩২ হাজার মাতৃ মৃত্যুর তুলনায় অনেক কম।
 
তিনি বলেন, এর মানে হলো বিশ্বে প্রতি লাখ সন্তান প্রসবে মাতৃ মৃত্যুর হার ২১৬ জন, যা ১৯৯০ সালে ছিল ৩৮৫ জন।
২০০০ সালে জাতিসংঘ নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলো ২০১৫ নাগাদ মাতৃ মৃত্যু হার ১৯৯০ সালের লেভেল থেকে ৭৫ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকার করেছিল।
 
লেল সে বলেন, তবে কেবল নয়টি দেশ এই লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। যদিও ৩৯টি দেশ মাতৃ মৃত্যু হার কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
 
সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে পূর্ব এশিয়ার দেশগুলোতে। সেখানে লাখে মাতৃ মৃত্যু হার ৯৫ থেকে ২৭ পর্যন্ত কমে এসেছে। বাসস।