কারাগারের বাইরে নূর হোসেন, যেকোনো সময় হস্তান্তর

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ২৩:৩৭
সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বৃহস্পতিবার যেকোনো সময় বাংলাদেশের হাতে হস্তান্তর করবে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
 
নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের দমদম কারাগার থেকে বের করা হয়েছে। বাংলাদেশে হস্তান্তরের আগে তাকে সেখানে নেয়া হয়।   
 
বৃহস্পতিবার বিকালে নূর হোসেনকে কারাগার থেকে বের করা হয় বলে পশ্চিমবঙ্গের কারা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। ভারতের সংবাদ সংস্থা পিটিআইও একই খবর দিয়েছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিএসএফ সদস্যরা নূর হোসেনকে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছে।’ 
 
উলফা নেতা অনুপ চেটিয়াকে পাওয়ার এক দিনের মধ্যে ভারত বাংলাদেশের হত্যা মামলার এই আসামিকে ফেরত পাঠাতে যাচ্ছে। 
 
এদিকে বেনাপোল স্থল বন্দরে প্রস্তুতি নিয়ে আছেন সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ।
 
তার পাশাপাশি বেনাপোলের ইমিগ্রেশনে যশোরের পুলিশ সুপার অনিসুর রহমান, বিজিবি কর্মকর্তা মেজর লিয়াকত আলী, ইএনও আব্দুস সালাম, পোর্ট থানার ওসি অপূর্ব হাসান রয়েছেন।
 
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।