আমার নিবিড় মানুষ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১৪:০০
কে বলেছে, কারও পৃথিবী প্রস্থানের পর তাকে আর জন্মদিনের শুভেচ্ছা জানানো যায় না। আমি তো জানাই এই নিবিড় সম্পর্কের মানুষটিকে। তাকে বলা চলে সত্যিকার অর্থেই চন্দ্র কারিগর। 
 
এছাড়া বন্ধুত্ব বা সম্পর্কের চলাচলগুলো ভালো পথিক না হলে তা কারও পক্ষে সঠিকভাবে সুসম্পর্ক রক্ষা করা কঠিন। হুমায়ূন আহমেদ তা পারতেন। এটা খুব কষ্টের যে, আজ তার জন্মদিনে তাকে নিয়ে স্মৃতিপাঠ করতে হচ্ছে। এই যেমন গতকাল হুমায়ূন সাহিত্য পুরস্কারেও তাকে নিয়ে বলতে হলো। বলতে হয় অনেক জায়গায়। পাঠক তৈরি, চলচ্চিত্রের তারকা তৈরি থেকে শুরু করে তিনি আসলে সত্যিকার অর্থেই এক অনন্য চন্দ্র কারিগর ছিলেন। অগণিত তরুণের স্বপ্নের জাগরণ, তাদের ছোট ছোট, কিন্তু জীবনবোধের ক্ষেত্রে দারুণ কিছু অনুভব তিনি তৈরি করে গেছেন। জোছনা, রবীন্দ্রনাথ কিংবা বৃষ্টি তার প্রতিটি নাটক বা গ্রন্থে এসেছে অনন্য হয়ে।
 
এমন চন্দ্র কারিগরের জন্মদিনে এক নিবিড় মানুষ হিসেবেই আমি তাকে শুভেচ্ছা জানালাম। ভালো থাকুন হুমায়ূন আহমেদ।