জয়পুরহাটের কালাইয়ে এক জিডিসি পরীক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগে ওই ছাত্রীর মা বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন।
মামলার বিবরণ ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২টার দিকে উপজেলার এক মাদ্রাসা কেন্দ্র থেকে জেডিসি পরীক্ষা দিয়ে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে মোলামগাড়ীহাটের সানাউলের বাড়ির সামনে এসে পৌঁছলে সানাউলের বখাটে ছেলে মোরসালিন (২০) আরও ৫-৬ জন বখাটের সহায়তায় ভ্যান থামিয়ে ওই ছাত্রীকে তুলে নিজ বাড়িতে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানী ঘটায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। কৌশলে বখাটে মোরসালিন পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বৃহস্পতিবার সন্ধ্যায় বাদি হয়ে কালাই থানায় মামলা করেছেন।
কালাই থানার অফিসার ইনচার্জ জিডিসি পরীক্ষার্থীর শ্লীলতাহানীর ঘটনার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তবে খুব দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।'
