শিগগির বাংলাদেশ-ভারত- নেপাল-ভুটানের মধ্যে বাস ও কার্গো সার্ভিস চালু হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। শুক্রবার সকালে বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের পারস্পরিক স্বার্থ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ-ইন্ডিয়ান নর্থইস্ট: এক্সপ্লোরিং অপরচুনিটিজ অ্যান্ড মিউচুয়াল ইনটারেস্ট’ শীর্ষ দুই দিনব্যাপী ওই সেমিনারের আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ হবে সেতুবন্ধন। এখানে ভারতের উত্তর-পূর্ব অংশও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ইতিমধ্যে ঢাকা-শিলং-গুয়াহাটি, কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু হয়েছে। বিবিআইএন মোটর ভেইকেল চুক্তির আওতায় শিগগির বাংলাদেশ-ভারত- নেপাল-ভুটানের মধ্যে বাস ও কার্গো সার্ভিস চালু হবে। এটি এ অঞ্চলের জনগণের মধ্যে জনগণের যোগাযোগ এবং বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী। এ ছাড়া সেমিনারের আহ্বায়ক আকমল হোসেন, সোসাইটির সাধারণ সম্পাদক আহমেদ এ জামাল বক্তব্য দেন। দুদিনব্যাপী এই সেমিনারের প্রথম দিনে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, পানি, যোগাযোগ, নিরাপত্তা এসব বিষয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনার কথা রয়েছে। দুইদিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারের প্রথম দিনে টাইটেল পেপার উপস্থাপন করেন অধ্যাপক ড. শরিফ উদ্দিন আহমেদ।
সেমিনারে বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসফাক হোসেন, ড. আমেনা হোসেন এবং গবেষণাপত্র তুলে ধরেন ভারতের ঋষি বঙ্কিম কলেজের সহকারী অধাপক ড. অনিন্দিতা ঘোষাল।
-ফোকাস বাংলা
