খালেদা জিয়াকে সাজা ভোগ করতেই হবে: কামরুল

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ২০:২৬

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা ভোগ করতেই হবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি মামলা দুটির বিচারকাজ শেষ হতে আর বেশি দিন লাগবে না। এ বিষয়টি খালেদা জিয়া উপলব্ধি করতে পেরেছেন। আর এ কারণেই তার দেশে ফেরার তারিখ শুধু পরিবর্তন হচ্ছে। কিন্তু আদৌ তিনি দেশে ফিরবেন কি না তা জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ তিনি বুঝতে  পেয়েছেন তার ভবিষ্যৎ কী।

জেএমবি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস  চেয়ারম্যান তারেক রহমানের অনুসারীরাই জেএমবি, জামায়াত ও আলকায়দার সদস্য।

সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ 'জামায়াত-বিএনপির নৈরাজ্য ও গুপ্ত হত্যার প্রতিবাদ শীর্ষক' এ আলোচনা সভা আয়োজন করে। সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

-ফোকাস বাংলা