শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের সমাগমে সরগরম হয়ে উঠেছে রাজধানীতে চলমান এডুমেকার ল্যাপটপ মেলা। শিক্ষার্থী, কর্মজীবিসহ সব শ্রেণীপেশার মানুষ হাজির হয়েছেন মেলায়। অভিভাবকের হাত ধরে এসেছে শিশুরাও। মূল্যছাড়, উপহারের ছড়াছড়িতে কেনাবেচাও জমে উঠেছে।
শুক্রবার সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করতে থাকেন মেলার স্থল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। টিকিট বুথের সামনে দীর্ঘ সারিতে দাড়িয়ে তারা টিকিট কিনছেন। এরপর সারিবদ্ধভাবে মেলায় ঢুকছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদের সমাগম আরও বাড়তে থাকে। এতে স্টলগুলোতে ক্রেতাদের ভিড় লেগে আছে। পাশাপাশি ল্যাপটপ, নেটবুক, ট্যাবসহ অন্যান্য পণ্যের বেচা-বিক্রিও ভালো হচ্ছে। বিক্রেতারাও তাদের পণ্য বিক্রি করতে পেরে খুশি বলে জানান।
IMG0
ল্যাপটপ মেলার প্রবেশ পথে টিকেট বুথের পাশেই এক ঝাঁক গেইমার কমিপউটার মনিটরের দিকে তাকিয়ে গেইম খেলছেন। সবার চোখে-মুখে উত্তেজনার ছাপ। বাছাই পর্ব চলছে, কে শেষ পর্যন্ত বিজয়ী হবেন। চিত্রটি গেইমিং জোনের। প্রতিযোগিতায় ফিফা ১৫, কল অব ডিউটি ৪ -এই দুইটি গেইম খেলতে ‘গিগাবাইট গেইমিং প্রতিযোগিতা ২০১৫’তে অংশ নিয়েছেন দুই শতাধিক প্রতিযোগি। এতে ফিফা ১৫ গেইম চ্যামিপয়ন পাবেন ৮ হাজার টাকা এবং রানার-আপ পাবেন ৫ হাজার টাকা। কল অব ডিউটি ৪ চ্যামিপয়ন পাবেন ১২ হাজার টাকা এবং রানার আপ পাবেন ৮ হাজার টাকা।
প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ (facebook.com/laptopfair.bd) এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম (techshohor.com) -এ পাওয়া যাচ্ছে।
