নিরপরাধ মানুষকে ভীতসন্ত্রস্ত করার জঘন্য চেষ্টা: ওবামা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৯:৩৯

ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ হামলাকে ‘জঘন্য’ উল্লেখ করে ওবামা বলেন, এই পরিস্থিতেতে যুক্তরাষ্ট্র ফ্রান্সের পাশে আছে। শুক্রবার রাতে হামলার পর হোয়াইট হাউসে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।


ফ্রান্সের সরকার ও জনগণের যেকোনো প্রয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন মার্কিন প্রেসিডেন্ট।

ওবামা সাংবাদিকদের বলেন, ‘ফ্রান্সে আমরা নিরপরাধ বেসামরিক লোকজনকে ভীতসন্ত্রস্ত করার জন্য আরেকটি জঘন্য চেষ্টা দেখলাম। যারা মনে করছে যে, সন্ত্রাসী হামলা চালিয়ে ফ্রান্সের মানুষকে ভয় দেখাতে পারবে, তারা ভুলের মধ্যে আছে। আমরা এসব সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করতে এবং যেকোনো সন্ত্রাসী নেটওয়ার্ককে শায়েস্তা করার জন্য প্রস্তুত।’

শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশের এলাকায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বনেতারা নিন্দা জানিয়েছেন।

 সূত্র- সিএনএন