রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছেন।
শনিবার সকালে পৃথকভাবে তারা এই নিন্দা ও শোক জানান।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা এই নিন্দা জানান। সন্ত্রাসের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে বাংলাদেশের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ কথা জানিয়েছেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্যারিস জুড়ে এসব হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ও জখম হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।
বাংলাদেশের জণগণ ও তার নিজের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ফরাসী সাধারণ নাগরিক ও সরকারের প্রতি সংহতি জ্ঞাপন করছি।
শেখ হাসিনা বলেন, সন্ত্রাসিরা সন্ত্রাসিই। তাদের কোনও জাত, বর্ণ কিংবা ধর্ম নেই। আর সভ্য সমাজে এদের কোনও স্থানও থাকতে পারে না।
তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা এক হয়ে কাজ করবো।
ফ্রাঁসোয়া ওলাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনার ও আপনার নাগরিকদের প্রতি আমাদের গভীর শোক জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবারগুলোর জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১২০ জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই সন্ত্রাসী হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাঁদ। প্রায় একই সময়ে সন্ত্রাসী হামলাগুলো ঘটে।
