গরুর চামড়ায় জুতা তৈরি নিয়েও বিতর্ক

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৪:৪৩
গরুর মাংস খাওয়ার গুজবে উত্তর প্রদেশের দাদরিতে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। এমনকি বিশ্বও এ ঘটনার নিন্দা জানিয়েছে। 
 
কিন্তু ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার গরু নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তবে এবার মাংস খাওয়া নিয়ে নয়, চামড়া দিয়ে জুতা বানানোর বিষয়টি নিয়ে। 
 
সম্প্রতি একটি তথাকথিত হিন্দুত্ববাদী সংগঠন গরুর চামড়া থেকে তৈরি জুতা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে। আর তাদের নিশানায় একটি অনলাইন শপিং সংস্থা রয়েছে। 
 
সংগঠনটি দাবি করেছে, মায়ান্ত্রা নামে ওয়েবসাইটে গরুর চামড়া দিয়ে তৈরি জুতা বিক্রি করা হচ্ছে। এজন্য ওই শপিং সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। সেইসঙ্গে এই ধরনের সব রকম পণ্য ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।
 
অনলাইন শপিং সংস্থাটি এ বিষয়ে অন্য ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, এ ধরনের চামড়া বিদেশ থেকে নিয়ে আসা হয়। 
 
কিন্তু এ জবাবে সন্তুষ্ট হয়নি সংগঠনটি। তারা জানিয়েছে, এভাবে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হচ্ছে।