লন্ডনে ইউকে বাংলাদেশ ই-কর্মাস ফেয়ারের প্রথম দিনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ৩টি প্রতিষ্ঠানের এবং আইসিটি ডিভিশনের সঙ্গে ১টি প্রতিষ্ঠানসহ মোট ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাজ্য ও সিঙ্গাপুর ভিত্তিক মোট চারটি প্রতিষ্ঠান আগামী ৫ বছরে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে ২ বিলিয়নের বেশি বিনিয়োগ করবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে এই চুক্তিতে সাক্ষর করেন হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।
বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিমার্কের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, টেলিকম এশিয়ার প্রধান নির্বাহী মোহাম্মদ শাফায়েত আলম ও টেকশেডের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন টেকশেড ইউকে‘র ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত দাশ গুপ্ত। অপর পক্ষে আইসিটি ডিভিশনের সঙ্গে সমঝোতা স্বারক স্বাক্ষর হয় পেজা বাংলাদেশ লিমিটেডের।
জানা গেছে, সিঙ্গাপুর ভিত্তিক টেলিকম অ্যান্ড আইটি প্রতিষ্ঠান টেলিকম এশিয়া ই-কমার্স ফেয়ারে প্রস্তাবিত এক বিলিয়ন ডলার বিনিয়োগের খাত হিসেবে মোবাইল পেমেন্ট গেটওয়ে, ট্রিপল প্লে, আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন্স কনজিউমার প্রোডাক্ট ও বিশেষায়িত প্রযুক্তি পার্ককেই বিনিয়োগের জন্য বিবেচনায় রাখছে।
