ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধুদের খবর জানতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফেসবুক। শুক্রবার প্যারিসে সিরিজ সন্ত্রাসী হামলায় ১২০ জন প্রাণ হারানোর পর ফেসবুক ‘প্যারিস টেরর এটাকস’ নামের একটি সেফটি পেজ চালু করে। প্যারিসের বন্ধুরা কেমন আছে তা জানার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এ উদ্যোগ নেয়।
ফেসবুক সেফটি চেক পেজে বলা হয়েছে, ‘দ্রুত খোঁজ এবং ওই এলাকার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করো’ এবং ‘তুমি যদি জানো সে নিরাপদে আছে তাহলে মার্ক করো’। ফেসবুকের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্যারিসের এ ঘটনায় আমরা শোকাহত। আর এ সময়ে খবরের জন্যে উদ্বিগ্ন পরিবার ও বন্ধুদের জন্যে ওই এলাকার সঙ্গে যোগাযোগ করাটা খুবই দুরূহ কাজ।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ একটি পোস্টে বলেন, আমি আজকে প্যারিসে থাকা সবার কথা ভাবছি। এমন ধরণের সহিংসতার জায়গা কোনো দেশ অথবা শহরে নেই। আমরা সেফটি চেক চালু করেছি, যদি আপনারা প্যারিসে থাকেন তাহলে আপনি, আপনার বন্ধু ও পরিবার নিরাপদে আছে কী না সেটা চেক করে নিতে পারবেন।
IMG0
উল্লেখ্য প্যারিসের বিভিন্ন জায়গায় শুক্রবার একের পর এক নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে ১২০ জনের প্রাণহানির কথা বলা হলেও এ সংখ্যা আরো বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। বাসস ও ভ্যারাইটি।
