ফ্রান্সে সন্ত্রাসী হামলার সঙ্গে মিল আছে মুম্বাই হামলার : ভারত

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৯:২৪
 
ভারতের সরকারি কমকর্তারা জানিয়েছেন, ফ্রান্সে সন্ত্রাসী হামলার সঙ্গে মিল রয়েছে মুম্বাই হামলার। মুম্বাইয়ে যেমন জনপ্রিয় দুটি হোটেল বেছে নিয়েছিল লস্কর-ই-তৈয়্যাব, তেমনি প্যারিসেও জনপ্রিয় স্থানগুলোতে হামলা চালিয়েছে জঙ্গিরা।
 
নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আইফেল টাওয়ারের শহরের সঙ্গে দেশের বাণিজ্যনগরীকে মিলিয়ে দিল হৃদয়হীন সন্ত্রাস। বিভিন্ন জায়গায় একযোগে পর পর হামলা চালানো হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল- হামলার ফরম্যাটটা একই। এক জায়গায় গুলির লড়াই শুরু হওয়ার পরই খবর আসছে অন্য জায়গায় বিস্ফোরণের।
 
কিছু বুঝে ওঠার আগেই আরেক জায়গায় জঙ্গিদের হাতে বন্দী হচ্ছেন নিরপরাধ সাধারণ মানুষ। হোটেল তাজ, ট্রাইড্যান্টে মানুষ যখন পণবন্দী তখনই গুলির লড়াইয়ে রক্তাক্ত হচ্ছে নরিম্যান হাউস, সিএসকে টার্মিনাল। ২৬/১১ মুম্বাই হামলার সেই ফর্ম্যাটকেই মনে করিয়ে দেয় প্যারিসের জঙ্গি হামলা।
 
এদিকে এই হামলার কড়া নিন্দার পাশাপাশি শোক জানিয়েছেন লন্ডনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে শোক জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রনব মুখার্জি ও রাহুল গান্ধি।