দেশ এখন উত্সবমুখর। আর এই মুখরতার ভেতরে বছরের সবচেয়ে জমকালো আসর হিসেবে বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২০ নভেম্বর। সাধারণত বড় আসরের উপস্থাপক হিসেবে সুযোগটা নিজের তারকাখ্যাতির ব্যারোমিটার বাড়াতে সবচেয়ে বেশি সহায়ক হয়। সেই কাতারেই গত দুই আসরে কলকাতার প্রায় অখ্যাত শিনা চৌহান এসেছিলেন লাইমলাইটে। তবে এবারের আয়োজনে ডাক পাননি শিনা। তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও সেটি বাতিল করেছে বিপিএলের সম্প্রচার কর্তৃপক্ষ চ্যানেল নাইন।
আর নতুন চমক হিসেবে ভারত থেকে ঢাকায় আসছেন মিস ইন্ডিয়ার সেমি ফাইনালিস্ট পামেলা ভাদুরী। তিনি স্টার স্পোর্টসের উপস্থাপক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এ প্রসঙ্গে চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান বলেন, ‘এবারের আসরে আমরা অনেক যাচাই-বাছাই এবং স্ক্রিন টেস্ট শেষে ভারত থেকে পামেলা আর বাংলাদেশ থেকে আমব্রিনকে চূড়ান্ত করেছি। এ নির্বাচনের বিষয়টি আমরা অনেক লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ করেছি। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুব বেশি সুখকর ছিল না, তাই অনেকেই কারণটি জানতে চাইছেন। তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলি, খুব যৌক্তিক কিছু কারণেই শিনাকে বাদ দেওয়া হয়েছে।’
