নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থের ওয়াকা গ্রাউন্ডে রোববার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার পেসার মিশেল স্টার্ক অসামান্য এক রেকর্ড গড়েছেন। নিজের ২১তম ওভারের চতুর্থ বলটি ঘণ্টায় ১৬০.৪ কিলোমিটার বেগে (৯৯.৭ মাইল/ঘণ্টা) ছুঁড়ে তিনি পঞ্চম বোলার হিসেবে এই অনন্য রেকর্ড স্পর্শ করেছেন।
উল্লেখ্য, এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র চারজন বোলার ঘণ্টায় ১৬০ কিলোমিটার বা তার বেশী গতিতে বল করার কৃতিত্ব দেখিয়েছিলেন।
এর মধ্যে পাকিস্তানের শোয়েব আখতার ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউল্যান্ডসে ১৬১.৩ কি.মি বেগে বল করেছিলেন। অস্ট্রেলিয়ান জুটি শন টেইট ও ব্রেট লি উভয় ১৬১.১ কি.মি বেগে বল করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার জেফ থমসন ঘণ্টায় ১৬০.৬ কি.মি বেগে বল করেছিলেন। ক্রিকেট ইতিহাসে এখনো থমসনকে দ্রুততম বোলার হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, এই তালিকায় মিচেল স্টার্কই একমাত্র বাঁহাতি ফাস্ট বোলার। বাকি চারজনই ডানহাতি ছিলেন। কিউই ব্যাটসম্যান রস টেইলরের বিপক্ষে স্টার্কের ডেলিভারিটি ছিল ইয়র্কার লেংথের। ক্রিকইনফো।
