গাজীপুরে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়। রবিবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন (৫০) গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকার আব্দুল রহম আলীর ছেলে।
গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ২০১১ সালের ২৯ জানুয়ারি গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকার মো. ইসমাইল হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় ভর্তি ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এসময় মাদক ব্যবসায়ী ইসমাইলকে আটক করে।
এই ঘটনায় ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের পরিদর্শক একেএম কামরুল ইসলাম বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই মো. শহিদুল কবীর ঐ বছরের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা বরা হয়।
