জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত দল 'ইউ ২' ফ্রান্সের রাজধানী প্যারিসে তাদের কনসার্ট বাতিল করেছে। প্যারিসে ভয়াবহ বোমা হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। এদিকে অপর একটি দল 'ফু ফাইটার' এই জঘন্য হামলার প্রেক্ষিতে তাদের সফর সংক্ষিপ্ত করেছে। এই সন্ত্রাসী হামলায় ১২৯ জন প্রাণ হারিয়েছে।
'ইউ ২'র কনসার্টের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। ফ্রান্সে দলটির বেশি কয়েকটি কনসার্ট করার কথা ছিল। এ ছাড়াও শনিবার তাদের একটি কনসার্ট সরাসরি সম্প্রচার করার কথা ছিল।
শুক্রবার রাতে 'ইউ ২' এক বিবৃতিতে বলে, 'প্যারিসে সন্ধ্যায় যে ঘটনা ঘটছিল তা দেখে আমরা বিশ্বাসই করতে পারিনি। এটি আমাদের হতভম্ব করে দেয়। আমরা এই ঘটনায় মানসিক আঘাত পাই। আজ রাতে প্যারিসে নিহত ও তাদের পরিবারের জন্য আমরা আমাদের আন্তরিক প্রার্থনা ও সমবেদনা জানাচ্ছি।'
এইচবিও টিভি চ্যানেল তাদের কনসার্ট সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা করেছিল। তারা কনসার্টটির ব্যাপক প্রচারণা চালায়। নিউইয়র্ক সিটিতে কনসার্টের প্রচারণায় ব্যাপক পোস্টার লাগানো হয়।
আইরিশ এই রকস্টাররা বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের কাতারে আছেন। তারা কনসার্ট বাতিল করলেও বলেছে, 'যথাযথ সময়ে তারা এই কনসার্ট করবে।'
অ্যাকোরহোটেলস অ্যারিনা পরে ঘোষণা করে যে 'ইউ ২' রবিবার তাদের আরেকটি কনসার্টও বাতিল করেছে। 'ইউ ২' প্যারিসে ইতোমধ্যে মঙ্গল ও বুধবার কনসার্ট করেছে। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার পর ফ্রান্স জরুরি অবস্থা ঘোষণা করেছে।
একটি কনসার্টে হামলা চালানো হয়। সেখানে মার্কিন ব্যান্ড দল ঈগলস অব ডেথ মেটাল সঙ্গীত পরিবেশন করছিল। অপর সঙ্গীত দল 'ফু ফাইটার্স' পৃথকভাবে জানায়, সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে তারা তাদের সফর সংক্ষিপ্ত করছে।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ফু ফাইটার্স' বলে, এই বিবেকবর্জিত সহিংস হামলা, সীমান্ত বন্ধ ও দেশে দেশে শোকের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে আমরা আমাদের কনসার্ট চালিয়ে যাবার মতো অবস্থা নেই। 'ইউ ২'র কনসার্টের একদিন পর অ্যাক্রোহোটেলস অ্যারিনায় 'ফু ফাইটার্স'র কনসার্ট করার কথা ছিল। বাসস।
