প্যারিসে হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেলজিয়ামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী ব্রাসেলস থেকে এদের গ্রেফতার করা হয়।
বেলজিয়ামের বিচারমন্ত্রী কোইন গিনস জানিয়েছেন, প্যারিসের বাটাক্লান কনসার্ট হলের পাশে বেলজিয়ামের নম্বরপ্লেটধারী একটি গাড়ি চিহ্নিত করার পর এদের গ্রেফতার করা হয়। গিনস আরো জানান, গাড়িটি ভাড়া করে প্যারিসে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার রাতে বাটাক্লান কনসার্ট হলে একে-৪৭ ও বোমা হামলায় সবচেয়ে বেশি ৮৯ জন মানুষ প্রাণ হারান।
এই তিন জনকে গ্রেফতারের আগে ফ্রান্সের গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল, বেলজিয়ামে লাইসেন্স করা একটি গাড়ি বাটাক্লানের আশপাশে দেখা গেছে। গাড়িটির গতিবিধি নিয়েও সন্দেহ প্রকাশ করা হয় গণমাধ্যমগুলোর খবরে।
অপরদিকে, প্যারিসে হামলায় ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে ফ্রান্সের পুলিশ। মন্ত্রেলি এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
একজন হামলাকারীকেও চিহ্নিত করা হয়েছে। ওমর ইসমাইল মোস্তেফাই নামের হামলাকারী ফ্রান্সের নাগরিক। তার বাবা, ভাইসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, শুক্রবারে প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ১২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সূত্র: ফক্স নিউজ
