ক্ষমতায় এলে আওয়ামী লীগ দেশের জন্য কাজ করে: নসরুল হামিদ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১৮:৫৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আওয়ামী লীগ করে দেশ ও জনগণের জন্য কাজ আর বিএনপি করে লুটপাট। আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি-জামায়াত জোটের আমলে লুটপাট বেড়ে যায়।

শনিবার নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুর এলাকায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্র এবং ৫২৮ পরিবারের বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন তিনি।

বর্তমান সরকারের আমলে ৬ বছরে দেশে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে একথা উল্লেখ করে তিনি বলেন, তা বিগত ৪০ বছরেও হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বর্তমান সরকার ও বাংলাদেশের ভাবমূর্তি এবং পরিচিতি ব্যাপক হারে বেড়েছে। অপরদিকে বিএনপি বহির্বিশ্বের কাছে সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে লন্ডনে বসে মা-ছেলে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। কিন্তু কোন ষড়যন্ত্রে কাজ হবে না। দেশের মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে। এক সময় মানুষ বিদ্যুতের জন্য অনেক কষ্ট করেছে। আজ ঘরে ঘরে বিদ্যুৎ। লোডশেডিং কমেছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও হামিদ ইউছুফ তনয় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শংকর লাল দত্ত।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকার কেরানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহম্মেদ, চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জাকির হোসেন জাহাঙ্গীর, মীর হোসেন মীরণ, মাসুদুর রহমান শিপন এবং সাবেক কমিশনার ও ছাত্রলীগ নেতা মোমিনুল ইসলাম দুলাল।