টেকসই উৎপাদন ব্যবস্থা এবং সস্তায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরো ১৭ কোটি ৭০ লাখ ডলার দেবে বিশ্বব্যাংক। শনিবার এই ঋণ অনুমোদন দিয়েছে দাতা সংস্থাটি। বিশ্বব্যাংক বাংলাদেশ শাখার পরিচালক মার্টিন রমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অতিরিক্ত ঋণ নতুন বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বাড়ানো এবং বাসাবাড়িতে ব্যবহৃত অপ্রতুল গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ব্যবহার করা হবে। এই টাকা সিদ্ধিরগঞ্জে ৩৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্পন্নে ব্যয় হবে। যেখানে কেন্দ্রটির বর্তমান উৎপাদন ক্ষমতা ৩৩০ মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের ভারসাম্য বিধানে কেন্দ্রটির ক্ষমতা বাড়ানো হবে।
এ ব্যাপারে মার্টিন রমা বলেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও বাংলাদেশ এখনো পিক আওয়ারে ব্যাপক সঙ্কটে পড়ে। অপ্রতুল বিদ্যুৎ সরবরাহ পারিবারিক নানা কাজে ব্যাঘাত ঘটায় যা প্রতিযোগিতার বিশ্বে প্রবৃদ্ধির জন্য বড় বাধা। সিদ্ধিরগঞ্জের ওই কম্পাইন্ড সাইকল প্ল্যান্ট থেকে বছরে কমপক্ষে ২ দশমিক ৪৯ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। যা হবে জাতীয় গ্রিডে সরবরাহকৃত মোট বিদ্যুতে ৬ শতাংশ। ফোকাস বাংলা।
