সম্পদের হিসাব সংক্রান্ত মামলা

আনোয়ার হোসেন মঞ্জুর খালাসের রায় বহাল

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ২০:২৭
 
সম্পদের হিসাব সংক্রান্ত মামলায় পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর খালাসের বিরুদ্ধে দুদকের আপিল আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে হাইকোর্টের খালাসের রায় বহাল থাকলো।
 
রবিবার রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। বেঞ্চের অপর বিচারকরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
 
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আনোয়ার হোসেন মঞ্জুর অনুপস্থিতিতে জাতীয় সংসদ ভবনে স্থাপিত কথিত ‘ক্যাঙ্গারু কোর্ট’ তাকে ১৩ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়।
 
আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ ছিলো ভান্ডারিয়ার একটি সম্পত্তি তিনি সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি। যদিও সম্পদ বিবরণী দাখিলের বহু আগেই ভান্ডারিয়ায় তার মায়ের নামে প্রতিষ্ঠিত মাজেদা বেগম মহিলা ডিগ্রি কলেজের নামে ওই সম্পত্তি তিনি দান করে দিয়েছিলেন। ধানমন্ডির বাড়ির নির্মাণ ব্যয় সম্পদ বিবরণীতে না দেখানোরও অভিযোগ করেছিল দুদক। যদিও ওই বাড়িটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এছাড়া ঋণের টাকায় কেনা লিফটের খরচ সম্পদ বিবরণীতে না দেখানোরও অভিযোগ করেছিলো দুদক।
 
রবিবার মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আদালতে এই সব ভিত্তিহীন অভিযোগ তুলে ধরেন। রোকনউদ্দিন মাহমুদ বলেন, হাইকোর্ট শুধুমাত্র ‘টেকনিক্যাল পয়েন্টে’ মামলাটি নিষ্পত্তি করেননি। প্রত্যেকটি অভিযোগ এবং সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে নিম্ন আদালতের রায় বাতিল করেছে। শুনানিতে রোকনউদ্দিন মাহমুদকে সহায়তা করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম ফজলুল হক।
 
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৭ অক্টোবর রাজধানীর ধানমন্ডি থানায় এই মামলাটি দায়ের করে তৎকালীন দুদক। ২০০৮ সালের ২০ মার্চ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২০১০ সালের ১০ আগস্ট হাইকোর্ট নিম্ন আদালতের দেয়া সাজার রায় বাতিল করে আনোয়ার হোসেন মঞ্জুকে বেকসুর খালাস দেয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। পরে এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে ২০১২ সালে লিভ টু আপিল করে দুদক।
 
রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ দুদকের লিভ টু আপিল খারিজ করে দেয়।