সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ২০:৩৩
 
ফ্রান্সের মতো কোন অবস্থার সৃষ্টি হলে তা মোকাবেলায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যেকোনো ধরণের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে । রবিবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
 
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন। 'ফায়ার সেফটি ইন হাইরাইজ অ্যান্ড ইনডাস্ট্রিয়াল বিল্ডিং ইন এশিয়া' শীর্ষক সেমিনারে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।
 
নারায়ণগঞ্জের সাত খুনে সেখানকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান যদি জড়িত থাকেন তাকেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আলোচিত ওই হত্যাকাণ্ডের শিকারদের স্বজনরা মামলার প্রধান আসামি নূর  হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মূল হোতাকে বের করার দাবি জানাচ্ছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, সাত খুনের ঘটনায় কাউকে ছাড়  দেওয়া হবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স। ফোকাস বাংলা।