‘মজুদ গ্যাস ২০৩১ সাল পর্যন্ত চলবে’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ২২:২৯
‘দেশে বর্তমান মজুদকৃত গ্যাস ২০৩১ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে। রবিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।
 
মন্ত্রী বলেন, দেশে প্রাথমিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ছিল ২৭১.১২ টিসিএফ। এ পর্যন্ত (জুন-২০১৫) ১৩.০৩২ টিসিএফ গ্যাস উত্তোলিত হয়েছে। বর্তমানে দেশে ১৪.০৮৮ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে ৮৯০.৬৫ বিসিএফ গ্যাস উত্তোলিত হয়েছে।
 
তিনি বলেন, দেশে বর্তমানে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে গ্যাসের চাহিদা আরো বৃদ্ধি পাবে। এর ফলে গ্যাসের মজুদ হ্রাস পেলে অপরিবর্তিত হারে উৎপাদন বজায় রাখা সম্ভব হবে না। সময়ের সঙ্গে গ্যাসের প্রেসার হ্রাসের কারণে বিদ্যমান ফিল্ডসমূহের উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকবে। এমতাবস্থায় বর্ধিত ঘাটতিসহ ১৬ বছরের অধিক সময় স্বল্পহারে এ গ্যাস ব্যবহার করা সম্ভব হবে। ফোকাস বাংলা।