আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, 'বিএনপি নেত্রী খালেদা জিয়া শেষ বয়সে জেল খাটার ভয়ে তাড়াতাড়ি বিদেশে পালিয়ে গেছেন। সন্ত্রাসীদের স্থান বিদেশেও হবে না। আমরা একে একে সব সন্ত্রাসীদের ধরে আনব।'
রবিবার বিকালে রাজধানীর ফার্মগেট মোড়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে শেখ সেলিম এসব কথা বলেন। যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
খালেদা জিয়াকে উদ্দেশে করে শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়া মনে করেছেন, বাংলাদেশে আসবেন না। আপনাকে আনা হবে। পেট্রোলবোমা দিয়ে ২০০ লোককে পুড়িয়ে হত্যা করেছেন। এ জন্য বাংলার মাটিতে বিচার হবে। লন্ডন থেকে এনে বিচার করা হবে। আপনারা দেখেছেন, ইতিমধ্যে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে। এ কারণে তাড়াতাড়ি উনি পালিয়ে গেছেন। ওইখানে বসে আবার ষড়যন্ত্র শুরু করেছেন। কী ষড়যন্ত্র? বিদেশিদের হত্যার ষড়যন্ত্র। তিনি হয়তো ভাবছেন, দেশে বসে তো কিছুই করতে পারলাম না। তাহলে যদি বিদেশি মারা যায়, তাহলে বিদেশিরা আমাদের পক্ষে আসবে। তখন শেখ হাসিনাকে তারা চাপ দেবে, ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দাও।'
দেশে আইএস বলে কিছু নেই দাবি করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, হরকাতুল জিহাদ, জেএমবি, বিএনপি-জামায়াত সব একই। আর এর নেত্রী হচ্ছেন খালেদা জিয়া। এখানে আইএসের প্রধান হলো খালেদা জিয়া। আর কোনো আইএস নাই। আল কায়েদার প্রধান হলো খালেদা জিয়া। তবে বোমা মেরে, বিদেশি হত্যা করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যাবে না। বিএনপির সঙ্গে সংলাপের প্রস্তাব নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘কীসের আলোচনা, কার সঙ্গে আলোচনা? সন্ত্রাসী, জঙ্গি ও যারা মানুষ হত্যা করে তাদের সঙ্গে আলোচনা হয় না। আজকে যারা ফ্রান্সে মানুষ হত্যা করেছে, ফ্রান্স কী তাদের সঙ্গে আলোচনায় করছে?'
যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন প্রমুখ।
