ইন্দো-পাক সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তিনি ইন্দো-পাক সিরিজ খেলতে চান বলে রবিবার নিজেই পরিষ্কার করেছেন মিসবাহ।
লাহোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপাকালে মিসবাহ জানান, অন্য সবার মতো তিনিও একটি ইন্দো-পাক সিরিজের প্রত্যক্ষদর্শী হতে ও খেলতে চান।
মিসবাহ বলেন, ‘আমার চাওয়া অবসরে যাওয়ার আগে ভারতের বিপক্ষে একটি সিরিজ খেলা। অবসর নিয়ে যেহেতু আলোচনা চলছে, এ বিষয়ে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। যখনই অবসর নেব এ বিষয়ে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবহিত করব।’
এ সময় আগামী বছর দলের ইংল্যান্ড সফর নিয়েও কথা বলেন মিসবাহ।
তিনি বলেন, ‘ইংল্যান্ড সফরে গেলে আমি পুরোপুরি প্রস্তুত হয়েই সেখানে যাব। একই সঙ্গে আমি দেখতে চাই, আমাদের দল সেখানকার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত। বিশ্বের যে কোনো স্থানে জয়ের সক্ষমতা আমাদের দলের আছে।’
আগামী বছর ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে মিসবাহ ইতোপূর্বে কাউন্টি ক্রিকেট খেলার আগ্রহও প্রকাশ করেছিলেন।
মিসবাহ টেস্ট ক্রিকেট থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি। তবে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, 'আগামী জুলাই-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে অভিজ্ঞ এ ব্যাটসম্যানকেই দলের অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।'
দলের সিনিয়র এ ব্যাটসম্যান ২০১০ সালের শেষ দিকে পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব গ্রহণ করেন। এ বছরের প্রথম দিকে অনুষ্ঠিত বিশ্বকাপের পর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
পাকিস্তান দলের তরুণ খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে বলেও মনে করছেন মিসবাহ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে তাদেরকে আরও বেশি পরিপক্ক হওয়া দরকার মনে করছেন তিনি।
মিসবাহ বলেন, ‘ভালো দিক হচ্ছে তাদের ফিটনেস লেভেল খুবই ভালো।’
