ফ্রান্সে গুগল মাইক্রোসফটের বিনামূল্যে আন্তর্জাতিক কল সুবিধা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১২:৩৯
 
প্যারিসে সন্ত্রাসী আক্রমণের পর বিশ্ববাসীর মতো সেখানকার পাশে দাাঁড়িয়েছে প্রযুক্তি দুনিয়া। সেখানে থাকা আত্মীয়-স্বজনদের খোঁজ নিতে স্কাইপ ও হ্যাংআউটসে বিনামূল্যে কলের সুবিধা দিচ্ছে মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিষ্ঠান।
 
একটি ব্লগপোস্টে স্কাইপ লিখেছে, ধ্বংসাত্মক আক্রমণের শিকার প্যারিসের পাশে আমার দাঁড়াতে চাই। সেখানে পরিবার-পরিজন, বন্ধু ও সহকর্মীদের খোঁজ নিতে কয়েকদিনের জন্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে ল্যান্ডলাইন ও মোবাইলে বিনামূল্যে কল করা যাবে।
 
গুগল প্লাসের একটি পোস্টে জানা গেছে, হ্যাংআউটসের মাধ্যমে আন্তর্জাতিকভাবে ফ্রান্সে ফ্রি কল করা যাবে। তারা লিখেছে, ‘আমরা তোমাকে নিয়ে চিন্তা করছি প্যারিস। হ্যাংআউটসের মাধ্যমে ফ্রান্সে বিনামূল্যে কল করা যাবে।’ এখানে কোনো নির্দিষ্ট স্থান থেকে বিনামূল্যে কল করার কথা উল্লেখ নেই। তাই মনে হচ্ছে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই কলের সুবিধা পাওয়া যাবে।
 
অন্যদিকে মাইক্রোসফটের ইন্সট্যান্ট মেসেজিং থেকেও একই ধরনের ঘোষণা দেয়া হয়েছে।
 
মার্কিন ব্রডব্যান্ড এবং টেলিযোগাযোগ কোম্পানি ভেরাইজন সপ্তাহজুড়ে ইউএস থেকে ফ্রান্সে ফ্রি কলিং সুবিধা চালু করেছে। এ সুবিধার আওতায় প্রতিষ্ঠানটির ওয়্যারলেস গ্রাহকরা যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে বিনামূল্যে কল করতে পারবেন। একই সুবিধা চালু করা হয়েছে হোম টেলিফোন গ্রাহক এবং ল্যান্ডলাইন গ্রাহকদের জন্যও।
 
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান স্প্রিন্টও তাদের গ্রাহকদের জন্য ফ্রান্সে কলের ক্ষেত্রে আন্তর্জাতিক, রোমিং এবং এসএমএস চার্জ ফ্রি করে দিয়েছে। ১৩ নভেম্বর থেকে ফ্রান্সে বিনামূল্যে কল সুবিধা চালু করেছে এই প্রতিষ্ঠান। আর এটি অব্যাহত থাকছে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত।
 
শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু করেছে ‘সেফটি চেক’ অপশন। এর মাধ্যমে আক্রান্ত এলাকায় পরিচিত মানুষরা নিরাপদে আছেন কিনা, তা জানা যাবে। সূত্র: ফার্স্টপোস্ট ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।